হারিয়ে গেল বিপিএলের ড্রোন, খুঁজে পেলে পুরষ্কার

১৮ ডিসেম্বর, ২০১৯ ১০:৫১  
বিপিএলের গত আসর থেকেই দেখা যাচ্ছে দৃশ্যটা। খেলার সময় মাঠের ওপরে ঘুরছে স্পাই ক্যাম, ড্রোন ক্যামেরা। বঙ্গবন্ধু বিপিএলেরও এর ব্যতিক্রম হয়নি। ঢাকা থেকে বিপিএল এখন চট্টগ্রামে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। কিন্তু শুরুর দিনেই ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে হারিয়েছে ড্রোন ক্যামেরা! ঘটনাটা রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স ম্যাচ চলাকালীন সময়ে। শোনা যাচ্ছে, ফ্লাড লাইটের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায় ড্রোন। এরপর সেটি ছিটকে পড়ে স্টেডিয়ামের বাইরে গিয়ে। পরে আর সেটি খুঁজে পাওয়া যায়নি। যদিও ড্রোন অপারেটর ক্রিস ফিকরেট দাবি করলেন, ড্রোনটির একটি পাখির সঙ্গে সংঘর্ষ হয়েছিল। এরপর আর সেটিকে খুঁজে পাননি তিনি। এই কানাডিয়ান বলেন, ‘একটি পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল ড্রোনের। আমার ল্যাপটপে সেটা দেখেছি। আমি ওটা আর খুঁজে পাইনি।’ ড্রোনটি খুঁজে পেলে ১০ হাজার টাকা পুরষ্কার।